বালোচ বিদ্রোহীদের ভয়ংকর হামলা! বিস্ফোরণে উড়ল গুরুত্বপূর্ণ সেতু, বিচ্ছিন্ন কোয়েটা-করাচি যোগাযোগ
বালোচ বিদ্রোহীদের হামলায় ফের উত্তপ্ত পাকিস্তান। এ বার নিশানায় কোয়েটা-করাচি হাইওয়ে। মাস্তুং জেলার খাদকোচা এলাকায় বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে একটি গুরুত্বপূর্ণ সেতু। এর জেরে পাকিস্তানের দুই গুরুত্বপূর্ণ শহর কোয়েটা ও করাচির মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে প্রশাসনের অন্দরে।কোয়েটা-করাচি হাইওয়ে বালোচিস্তানের রাজধানী কোয়েটার সঙ্গে পাকিস্তানের বৃহত্তম শহর এবং বাণিজ্যিক কেন্দ্র করাচিকে যুক্ত করেছে। ফলে এই সেতু ধ্বংস হওয়ায় শুধু যাত্রী চলাচল নয়, দুই শহরের মধ্যে পণ্য পরিবহণও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। হামলার জেরে গুরুত্বপূর্ণ এই সড়কপথে যোগাযোগ কবে স্বাভাবিক হবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।এত দিন মূলত পাক সেনাকে নিশানা করেই হামলা চালাতেন বালোচ বিদ্রোহীরা। তবে এ বার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পরিকাঠামোতেও আঘাত হানছে তারা। এর ফলে পাকিস্তান সরকারের উপর চাপ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পাকিস্তানের শাসন থেকে মুক্তির দাবিতে লড়াই চালাচ্ছে বালোচ লিবারেশন আর্মি। গত ১১ আগস্ট বালোচিস্তানের স্বাধীনতা ঘোষণার কথাও জানায় বিদ্রোহীরা। তাদের দাবি, প্রদেশের ৮৫ শতাংশ এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে। যদিও এই দাবির স্বাধীন যাচাই হয়নি।অন্য দিকে, বিপুল সেনা মোতায়েন করেও বালোচিস্তানে বিদ্রোহ দমন করতে হিমশিম খাচ্ছে পাকিস্তান। বিদ্রোহীদের অভিযোগ, তাদের দমনে পাক প্রশাসন গুম, খুন, হত্যা এবং ধর্ষণের মতো অত্যাচার চালাচ্ছে। চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরির পর থেকে এই অঞ্চলে অশান্তি আরও বেড়েছে বলেও দাবি তাদের।বালোচিস্তান খনিজ সম্পদে সমৃদ্ধ একটি প্রদেশ। বিদ্রোহীদের অভিযোগ, সেই সম্পদ থেকে স্থানীয় মানুষ যথাযথ সুবিধা পান না। বরং পাকিস্তান সরকার প্রদেশের সম্পদ ব্যবহার করলেও সাধারণ মানুষের ভাগ্যে জুটছে দারিদ্র এবং বঞ্চনা। এই অভিযোগ ও দীর্ঘদিনের ক্ষোভ থেকেই স্বাধীনতার দাবিতে আন্দোলন আরও জোরালো হয়েছে।

